যুক্তরাষ্ট্র থাইল্যান্ডে সহায়তা আবারো স্থগিত করেছে। এছাড়া দেশটি থেকে যুক্তরাষ্ট্রের একটি বড় মহড়া অন্যত্র সরিয়ে নেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

এএফপি’র এক খবরে বলা হয়, থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান ঘটায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা স্কট মার্সিয়েল কংগ্রেসকে জানান, থাইল্যান্ডের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে ওয়াশিংটন ৪৭ লাখ মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা তহবিল আটকে দিয়েছে।

এটা মিত্র দেশটিকে দেয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক ১ কোটি ৫ লাখ সহায়তা তহবিলের প্রায় অর্ধেক।

থাইল্যান্ডের রাজনৈতিক গোলযোগে সেনাবাহিনীকে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের আহ্বানে কর্ণপাত না করায় ওয়াশিংটন দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

থাইল্যাণ্ডে ২২ মে সেনা অভ্যুত্থানের মাত্র একদিন পরই যুক্তরাষ্ট্র ৩৫ লাখ মার্কিন ডলারের সহায়তা আটকে দেয়।

অপর এক পুলিশ কর্মকর্তা জানান, এছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থায়নে থাই পুলিশ কর্মকর্তাদের জন্য একটি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ কর্মসূচি এবং জ্যেষ্ঠ থাই পুলিশ কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষাসফর বাতিল করেছে।

মার্সিয়েল জানান, যুক্তরাষ্ট্র তার আগামী বছরের কোবরা গোল্ড মহড়া থাইল্যান্ড থেকে অন্যত্র সরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক মহড়া এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা সম্প্রসারণের অন্যতম প্রধান কৌশল।সূত্র: এএফপি।


ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই