বিক্ষোভকারীদের হামলার মুখে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)'র সম্প্রচার বন্ধ হয়ে গেছে। পিটিভি'র সর্বশেষ প্রচারিত লাইভ ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা পিটিভি কার্যালয়ের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করছে। এর পরপরই টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়। খবর বিবিসি'র।

এদিকে, বিক্ষোভকারীদেরকে টেলিভিশন ভবন থেকে সরাতে সেখানে নিরাপত্তা বাহিনীকে পাঠানো হয়েছে। শেষ খবর পর্যন্ত জানা গেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদেরকে পিটিভি কার্যালয় থেকে সরিয়ে দিয়েছে।

ইমরান খানের পিটিআই ও তাহির-উল-কাদরির পিএটি দল দুটি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে। তারা নওয়াজের বিরুদ্ধে গত নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। এজন্য তারা নতুন করে নির্বাচন চান। তবে, নওয়াজ শরীফ ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেছেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি কার্যালয়েও হামলা চালিয়েছে। তারা এসব ভবনে পাথর নিক্ষেপ করছে। পার্লামেন্টের সামনের প্রধান সড়কটি বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। বেশ কিছু গাড়িতে তারা ভাংচুর করেছে ও আগুন লাগিয়ে দিয়েছে। সূত্র: বিবিসি

ঢাকা, ০১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ