ভিনরাজ্য থেকে মেয়ের চিকিৎসার জন্য জয়পুরে এসেছিলেন এক প্রতিবন্ধী মহিলা। কিন্তু চিকিৎসা করাতে এসে নিজের সন্তানের সঙ্গে যে এমন ভয়ংকর কিছু ঘটতে পারে, তা দুঃস্বপ্নেও তিনি ভাবেননি।
গতকাল রোববার রাতে জয়পুরের এক সরকারি হাসপাতাল থেকে বছর তিনেকের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল।
এই নিয়ে রাজস্থানে এই মাসে দ্বিতীয় বার নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল। এর আগে গত ১১ জুন এমন একটি ঘটনা ঘটেছিল। সে দিনও তিন বছরেরই একটি শিশু ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ঘটেছিল আগ্রা হাইওয়েতে। সেই ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটায় হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে। আর কয়েক সপ্তাহের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভিনরাজ্য থেকে ওই শিশুটির চিকিৎসার জন্য তাকে জয়পুরের ওই সরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন তার মা। রাতের দিকে ওই প্রতিবন্ধী মহিলা ফোনে কথা বলার জন্য বাইরে যান। এরপর ফিরে এসে তিনি আর মেয়েকে দেখতে পাননি। বহু খোঁজাখুঁজির পর সোমবার ভোরে হাসপাতালের ফটকের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই কন্যাশিশুকে। তার ঘাড়ে ও মুখে আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই হাসপাতাল সুপার জানায়, শিশুটির অস্ত্রোপচার হয়েছে। এখনও শিশুটি আইসিইউতে রয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
জেড





