চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের কোরআন শিক্ষার স্কুলগুলোতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে গত কয়েকদিনে এসব স্কুলে অভিযান চালানো হয়েছে। এসময় আটক করা হয়েছে ৩৫ জনকে। সোমবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।

চীনা কর্তৃপক্ষের নিয়ন্ত্রনাধীন মিডিয়াগুলো জানিয়েছে, ২৬টি কোরআন শিক্ষার 'গোপন' স্কুল থেকে ১৯০ শিশুকে 'উদ্ধার' করা হয়েছে।

জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নিয়মিত দমনাভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে চীনা কর্তৃপক্ষ। স্বাধীনতাকামী উইঘুররা জিনজিয়াংকে পূর্ব তুর্কমেনিস্তান বলে পরিচয় দিয়ে থাকে এবং তারা চীনা শাসন থেকে মুক্তি চায়।

তুর্কিভাষী উইঘুর মুসলিমদের উপর ব্যাপকভাবে নির্যাতন চালিয়ে আসছে চীনের কমিউনিস্ট সরকার। জিনজিয়াংয়ে জোর করে হান চীনাদের অভিবাসন করছে চীনা কর্তৃপক্ষ। এর ফলেই মূলত সংঘাত দেখা দেয়।

গত রমজান মাসে জিনজিয়াংয়ের মুসলিমদেরকে রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করে চীন সরকার। রোজাদার মুসলিমদেরকে জোর করে পানাহার করারও অভিযোগও পাওয়া গেছে।

মুসলিম অধ্যুষিত প্রদেশটিতে ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় বেশ-ভূষা ধারণের উপরও কড়াকড়ি আরোপ করে রেখেছে কমিউনিস্ট সরকার। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ