ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সাল। দ্বিপাক্ষিক স্বার্থ, স্বচ্ছতা ও আন্তরিকতার ভিত্তিতে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে রিয়াদ প্রস্তুত রয়েছে বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

রিয়াদে ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূত হোসেইন সাদেকি জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতে সাদেকি তার পরিচয়পত্র পেশ করে বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মূলনীতি।

এর আগে গত মার্চ মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছিলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তার দেশ দৃঢ়প্রতিজ্ঞ। ইরান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সিরিয়া ও বাহরাইনের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ আরো কিছু বিষয় নিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে মতপার্থক্য রয়েছে। বাহরাইনে শান্তিপূর্ণ সরকার বিরোধী বিক্ষোভ দমনের তীব্র নিন্দা জানিয়ে আসছে তেহরান।

অন্যদিকে সৌদি আরব যখন সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তখন তেহরান রাজনৈতিক উপায়ে দেশটির সংকট সমাধানের আহ্বান জানাচ্ছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ