সৌদি আরবের রিয়াদে অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে সৌদি বাদশাহ আব্দুল্লাহর পুত্র প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ নেতৃত্ব দেন।
পুলিশ অন্তত ৪শ’অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না।
পুলিশ রিয়াদের দক্ষিণাঞ্চলে এ অভিযান চালায়। ফজরের নামাজ শেষ হবার পর পরই এ অভিযান শুরু হয়।
অভিযান সম্পর্কে প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ জানিয়েছে, চার শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। রিয়াদের দক্ষিণে মানফোউহা জেলার বাথা এলাকায় এ ধরপাকড় অভিযান চলে।
গ্রেফতারকৃতদের মধ্যে বেশির ভাগই আফ্রিকার নাগরিক। গ্রেফতারকৃতদের জরিমানা বা আইন অনুযায়ী বিচার করা হবে। বিচারে তাদের কারাদণ্ড হতে পারে বা নিজেদের দেশে ফেরত পাঠানো হতে পারে।
রিয়াদের পুলিশ বিভাগ এ অভিযান পরিচালনার সময় অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তা নেয়। গত বছরের পহেলা নভেম্বর যারা সৌদি আরবে থাকার জন্য পুনরায় বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারেনি তাদের অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হচ্ছে।
এ অভিযানের বাইরে রিয়াদ পুলিশ আরও ৩০৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুরো অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সৌদি প্রিন্স তুর্কি।
রিয়াদ পুলিশ বলছে, মানফোউহা ছাড়াও হাই আল-ওয়াজারা ও বাথা শহরে চব্বিশ ঘন্টার এ অভিযান চলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। ফ্রি ভিসায় এসে সৌদি আরবে রয়ে যাওয়া বা কাজের সন্ধান করা, স্পন্সরের নাগালের বাইরে অবস্থান করা, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও সৌদি আরবে অবস্থান করাসহ বিভিন্ন অভিযোগ উঠছে গ্রেফতারকৃতদের মধ্যে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





