ভারতের মুম্বাইয়ে সরকারি তেল সংস্থা ওএনজিসি’র একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭ টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পর পর বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্ল্যান্টের ভিতরেই আটকে পড়েন অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং ক্রাইসিস ম্যনেজমেন্ট টিম।

এছাড়া অগ্নিদগ্ধ ৮ জনের মধ্য ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালায় তারা। প্রায় ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওএনজিসি জানিয়েছে, মুম্বাই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণের প্ল্যান্টে আগুন লাগে। তবে এতে তেল শোধনের কাজে কোনো প্রভাব পড়েনি। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাতের হাজিরা প্ল্যান্টে।

কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্ল্যান্টের এক কিলোমিটার এলাকা সিল করে দিয়েছে পুলিশ।

এএস