সুইডেনের সঙ্গে বেশ টানাপোড়নই শুরু হয়েছে সৌদি আরবের। সৌদি আরবে অস্ত্র রপ্তানি স্থগিত করার পর এবার সুইডেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে দেশে ফেরত নেয়া হচ্ছে। বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেরোনিকা নর্ডলুন্ড বলেন, "আমরা গতকাল (মঙ্গলবার) জানতে পেরেছি যে সুইডেনে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব।"
চলতি সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করে সুইডেন। চুক্তির আওতায় কয়েক মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র সৌদি আরবকে দেয়ার কথা সুইডেনের। এই চুক্তির মেয়াদ আগামী মে মাসে শেষ হবার কথা ছিল।
অস্ত্র রপ্তানি স্থগিত করার বিষয়ে সুইডেন জানিয়েছে, আরব লীগের আসন্ন সম্মেলনে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রমের বক্তব্য দেয়ার ওপর সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করে। উল্লেখ্য, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সুইডেন সমালোচনা করে। এসব বিষয় নিয়েই আরব লীগে বক্তব্য দেয়ার কথা ছিল সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীর। আর এতেই বাধ সাধে সৌদি আরব।
এদিকে, আরব লীগে যে বক্তব্য দেয়ার কথা ছিল সেই বক্তব্যের একটি কপি গত সোমবার সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অনলাইনে পোস্ট করেছেন।
এমএ





