পাকিস্তানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তান আওয়ামী তেহরিকে (পিএটি)’র প্রধান ড. তাহিরুল কাদরি।দেশে বিপ্লব ঘটাতে অদূর ভবিষ্যতে গণবিপ্লব পরিষদ গঠন করা হবে বলেও জানান তিনি।

একই সঙ্গে পাক কর্তৃপক্ষের যেকোন আদেশ-নিদের্শকে তিনি 'অবৈধ' বলে ঘোষণা করেছেন। তার ভাষায় সরকারের 'অবৈধ নির্দেশ' মানা বন্ধ করে দেয়ার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান কাদরি।

কানাডা প্রবাসী তাহিরুল কাদরি গত মাসের শেষের দিকে দেশে ফিরেন। পাকিস্তানের নির্বাচিত সরকারের বিরুদ্ধে কথিত ‘বিপ্লবের’ নেতৃত্ব দেয়ার লক্ষ্যে দেশে ফিরছেন বলে এর আগে ঘোষণা করেছিলেন তিনি।

পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের আমলে দেশটির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তাহিরুল কাদরি। ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের চার মাস আগে অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন তাহিরুল কাদরি। সংসদ ভেঙে দিয়ে দেশটির সেনাবাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে তত্ত্বাবধায়ক  সরকার গঠনের দাবিতে  ইসলামাবাদে চারদিনের বেশি এ অবস্থান ধর্মঘট চলে।

দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে বলে ঘোষণা করা সত্ত্বেও তৎকালীন মন্ত্রীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। এরপর দেশটিতে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হলে ক্ষমতাসীন পিপলস পার্টি হেরে যায় এবং বিপুল ভোটে বিজয় লাভ করে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ