পাকিস্তানের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক বাতিল ঘোষণা করেছে ভারত। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠনের নেতার সাক্ষাতের ঘটনায় ভারত এ প্রতিক্রিয়া দেখিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি ও ডন অনলাইনের।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার ভারতে নিযু্ক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হুররিয়াতের নেতা শাবির শাহের সঙ্গে সাক্ষাত করার কথা। এ নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তারা সরকারের ব্যাপক সমালোচনায় লিপ্ত হয়।

এরই ফলশ্রুতিতে দুই দেশের মধ্যে আসন্ন সচিব পর্যায়ের আলোচনা বাতিল করা হলো বলে ধারণা করা হচ্ছে। তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লির পাকিস্তানের দূতাবাসে পাঠানো বৈঠক বাতিলের কোন সুস্পষ্ট কারণ দেখানো হয়নি। তবে, টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে কাশ্মীরের স্বাধীনতাকামী হরুরিয়াত নেতার সাক্ষাতের কারণেই এ বৈঠক প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট ইসলামাবাদে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে দু’দেশের মধ্যে ভবিষ্যত আলোচনার রোডম্যাপ তৈরি ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় অন্তর্ভূক্ত ছিল। সূত্র: ডন ও এনডিটিভি

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ