২০১৪ সালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারতে বেড়াতে যাওয়া বাংলাদেশী পর্যটকদের অবস্থান দ্বিতীয়। এ জন্য বৃহস্পতিবার এক বার্তায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ভারত। এর আগের বছর ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে অভিনন্দন বার্তায় বলা হয়, বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত হচ্ছে ভারতের পর্যটনশিল্প। ভারতের পর্যটন খাতে বিদেশী পর্যটক থেকে বৈদেশিক মুদ্রা আয়ের (২০১৪ সালে) ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। এর আগে গত বছর যুক্তরাজ্য এই অবস্থানে ছিল। আর এই খাত থেকে ভারতের আয়ের উৎসের প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, ২০১৪ সালে মোট ৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন বাংলাদেশী পর্যটক ভারতে বেড়াতে যান। এর আগের বছর ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৫ লাখ ২৪ হাজার ৯২৩ জন। গত বছর বাংলাদেশী পর্যটকদের ভারত ভ্রমণপ্রীতি প্রায় দ্বিগুণ হওয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিনন্দন জানিয়েছে।

অন্যদিকে প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের ১১ লাখ ১৮ হাজার ৯৮৩ জন পর্যটক গত বছর ভারত ভ্রমণ করেন। আরও জানা গেছে, গত বছর দুই দেশের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রায় ১২ লাখ বাংলাদেশী ভারতে প্রবেশ করেন।

এআর