ইরানে বিনিয়োগ পরিকল্পনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আমেরিকার সঙ্গে বিরাজমান সম্পর্কে টানাপোড়নের ভয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশাসন এ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে এসেছিল।

কিন্তু ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে এ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার তৎপরতার গ্রহণ করেছে নরেন্দ্র মোদির সরকার । ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে মাত্র ৭২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইরানের চাবাহার বন্দর। ইরানের এ বন্দরের কৌশলগত ও অর্থনৈতিক ব্যাপক গুরুত্ব রয়েছে ভারতের কাছে।

এরই মধ্যে এ বন্দর নগরীর সঙ্গে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিমরোজের জারানজ শহরের সংযোগ স্থাপিত হয়েছে। আফগানিস্তান, মধ্যএশিয়াসহ অন্যান্য এলাকায় ভারতের ঢোকার প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হতে পারে চাবাহার বন্দর।

এদিকে, ইরান ও ভারত সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ভারতীয় সূত্র থেকে বলা হয়েছে, ইরানে ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি নাটকীয় ভাবে বৃদ্ধি পেয়েছে।

জুলাই মাসের শিপমেন্ট থেকে দেখা যাচ্ছে এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ১৪০ শতাংশ এবং যার আর্থিক পরিমাণ ১৭ কোটি ৭০ ডলার। গত বছর এর পরিমাণ ছিল মাত্র ৫ কোটি ২০ লাখ ডলার। রেডিও তেহরান

 

ইআর