চীনের বন্দরনগরী তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২। সংশ্লিষ্ট এক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
বুধবারের শক্তিশালী জোড়া বিস্ফোরণে আহত হয়েছেন সাত শতাধিক। আহতদের মধ্যে সত্তরের বেশি জনের অবস্থা গুরুতর।
শনিবারও নতুন করে গাড়ি বিস্ফোরণ ঘটেছে। আরও বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ২১ দমকলবাহিনীর কর্মীও রয়েছেন।
সম্ভাব্য বিস্ফোরণের কথা মাথায় রেখে ঘটনাস্থলের আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রাসায়নিক বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তিয়ানজিনে রয়েছেন দুই শতাধিক সৈন্যের একটি বিশেষজ্ঞ দল।
রুইহাই লজিস্টিকস কোম্পানির যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সেখানে সোডিয়াম সায়ানাইডের মতো আরও অনেক বিষাক্ত রাসায়নিক পদার্থ মজুদ থাকে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এআর





