ভারত সফরে আসার জন্য উদগ্রীব হয়ে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। দিল্লি ছাড়াও গুজরাটের একটি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। ওই জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কেই ৫০ থেকে ৭০ লাখ মানুষ থাকবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এক লাখ দর্শক ধারনক্ষমতার এই স্টেডিয়ামের জনসভায় তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে দুই নেতা গত বছর যুক্তরাষ্ট্রের হাউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আসন্ন ভারত সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই বছর আমি নরেন্দ্র মোদির সঙ্গে দুইবার ফোনালাপ করেছি। এর মধ্যে গত সপ্তাহেই একবার আলাপ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তিনি (মোদি) আমাকে বলেছেন, আমাদের লাখ লাখ মানুষ আছে। আমার একমাত্র সমস্যা হলো সেদিন দিন রাতে ছিল মাত্র ৪০ থেকে ৫০ হাজার মানুষ... আমার অতোটা ভালো লাগেনি। (আহমেদাবাদে) ৫০ থেকে ৭০ লাখ মানুষ থাকবে’।
এএইচ





