‘রাশিয়া ও চীন কোনো ধরনের সামরিক জোট গড়ছে না, তবে আমরা একে অপরকে সামরিক সহযোগিতা করছ ‘ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২৬ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলতে শোনা যায় তাকে।
সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট গড়ে তুলছি না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে সামরিক-প্রকৌশল খাতে পারষ্পারিক সহযোগিতা অব্যাহত রয়েছে। সেটা আমরা লুকানোর চেষ্টা করছি না। সবই স্বচ্ছ্, গোপন নয়।
এ সময় রুশ প্রেসিডেন্ট দাবি করেন, পশ্চিমা দেশগুলো রাশিয়া ও চীনের বিরুদ্ধে একাধিক বৈশ্বিক জোট গড়ে তোলার চেষ্টা করছে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও নেটোর বিরুদ্ধে নতুন ‘অক্ষশক্তি’ গড়ে তোলার চেষ্টারও অভিযোগ তোলেন।
পুতিন বলেন, পশ্চিমা বিশ্লেষকরা এখন ১৯৩০ এর দশকে ফ্যাসিস্ট জার্মানি, ইতালি ও সামরিকবাদী জাপানের মতো করে নতুন একটি অক্ষশক্তি বানানো নিয়ে কথা বলছেন। তাছাড়া, তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়াকেও এ শ্রেণিতে ফেলেছেন। এর পাশাপাশি পুতিন এ বছরের শুরুতে যুক্তরাজ্য ও জাপানের মধ্যে সই হওয়া প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে মস্কোতে এক দ্বিপাক্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তারা নিজেদের মধ্যকার বন্ধুত্বের বিষয়টি খোলামেলাভাবে তুলে ধরেছেন। সম্মেলনে পুতিন ও শি দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকার করেছেন।
এইচএম





