ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) জানিয়েছে, বিমানের ব্ল্যাকবক্সের তথ্য থেকে পাওয়া গেছে, দুর্ঘটনার ঠিক আগে জ্বালানি সরবরাহের দুটি সুইচ আচমকা বন্ধ হয়ে যায়। এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, দুটি সুইচই এক সেকেন্ডেরও কম ব্যবধানে রান (চালু) অবস্থা থেকে কাট-অফ (বন্ধ) অবস্থায় চলে যায়। তখন বিমানটির গতি ছিল ১৮০ নট।

ব্ল্যাকবক্স অডিও রেকর্ডে শোনা যায়, এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করেন কেন জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ করেছেন। জবাবে তিনি জানান, তিনি সুইচ বন্ধ করেননি। এরপর সুইচগুলো দ্রুত আবার চালু করা হলেও আর ইঞ্জিন পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে ইঞ্জিন সচল রাখার জরুরি ব্যবস্থাও নেওয়া হয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভূপতিত হয়।

বোয়িং ৭৮৭ বিমানে এই জ্বালানি সরবরাহের সুইচগুলো দুই পাইলটের আসনের মাঝখানে, থ্রোটল লিভারের নিচে থাকে। এগুলো একটি ধাতব দণ্ড দিয়ে সুরক্ষিত থাকে এবং ভুলক্রমে যেন বন্ধ না হয়ে যায়, সেই জন্য লকিং সিস্টেমও বসানো থাকে।

তদন্তকারীরা জানিয়েছেন, উড্ডয়নের সময় কোনো ত্রুটি ছিল না এবং ব্যবহৃত জ্বালানির মানও ঠিক ছিল।

সূত্র: সিএনএন

এনএইচ