অবৈধ পথে ইরানের জলসীমায় প্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের ১০ জন নাবিককে আটক করেছে ইরান। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানান, কুয়েত থেকে বাহরাইনগামী মার্কিন নৌবাহিনীর ছোট দুটি নৌযানের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, আটক হওয়া নাবিকেরা নিরাপদে আছেন বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরান। শিগগিরই তাঁদের যাওয়ার অনুমতি দেবে তেহরান।

মার্কিন কর্মকর্তারা বলছেন, আজ বুধবার সকালে ওই নাবিকদের ছেড়ে দেওয়া হতে পারে।

গণমাধ্যমের খবরে জানানো হয়, একটি জাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর ফার্সি দ্বীপের কাছে ঘটনাটি ঘটে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, দেশটির রেভ্যুলেশনারি গার্ডের সদস্যরা নয়জন নারী ও একজন পুরুষকে আটক করেছে। তাঁরা বিনা অনুমতিতে ইরানের জলসীমায় প্রবেশ করে ভেতরে ঢোকার ফাঁকফোকর খুঁজছিলেন।

সমঝোতার লক্ষ্যে ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এআই