সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল অনুযায়ী, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান।

ক্রিকেটার থেকে পুরোদস্তুর রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের নতুন যুগের সূচনালগ্নে পরিবর্তনের হাওয়া লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। যার জেরে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন ওয়াসিম আকরাম।

কিংদবন্তি এই পেস অলরাউন্ডারের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম স্পোর্টস মিরচি।

১৯৯২ সালে অধিনায়ক ইমরান খানের হাত ধরেই নিজেদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। সেই দলে ইমরানের সঙ্গী ছিলেন ওয়াসিম আকরামও। আকরাম নিজেও বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে।

ইমরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। এবার পাকিস্তানের মসনদে ইমরান বসতেই ২২ গজের লড়াইয়ে তার ঘনিষ্ঠ সঙ্গী ওয়াসিম পাচ্ছেন পিসিবি প্রধানের চেয়ার।

এ নিয়ে ওয়াসিম আকরামের পরিবারের ওই সদস্যর ভাষ্য, ‘হ্যাঁ, পরবর্তী পিসিবি চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন ওয়াসিম। তিনি দীর্ঘদিন ইমরান খানের সঙ্গে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।

সবাই ইমরানকে পছন্দ করেন। শুভ কামনা জানিয়েছে। ওয়াসিম আকরামও গতকাল বানি গালাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ওয়াসিম পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং জানতে পেরেছেন, ইমরানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনা, বিশেষ করে ক্রিকেট-ভাবনায় আছেন ওয়াসিম।’

ওই পারিবারিক সূত্র আরও বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটে ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

এর আগে নির্বাচনে ইমরান খানের দল তেহরেক-ই-ইনসাফ এগিয়ে থাকাকালীন হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শুভেচ্ছা জানান ওয়াসিম। সেখানে তিনি লিখেছিলেন, ‘তোমার নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।’

বর্তমানে পিসিবির চেয়ারম্যান পদে রয়েছেন নাজাম শেঠি। ২০১৩-১৪ পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান পদ সামলেছিলেন শেঠি।

তারপর অর্থাৎ ২০১৪ শাহরিয়ার খান পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত বছর ৩০তম পিসিবি চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব পান শেঠি।

ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে পিসিবি চেয়ারম্যান হিসেবে শেঠির জায়গায় ওয়াসিম আকরামের আসাটা শুধু সময়েরই অপেক্ষা বলে দাবি পাকিস্তানি গণমাধ্যমের। অবশ্য পাকিস্তানের গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, পিসিবি চেয়ারম্যানের পদের তালিকায় রয়েছে রমিজ রাজার নামও। সূত্র:ডেইলি পাকিস্তান ।
এএস