ধর্ম প্রচারক জাকির নায়েককে ভারতে পাঠালে হত্যার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। গত মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন মাহাথির। খবর মালয় মেইল'র।

সেপাংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের মাহাথির বলেন, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদের অনুপ্রেরণার অভিযোগের মামলায় জাকির নায়েককে ভারতে পাঠালে তিনি হত্যার শিকার হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো, আমরা তাকে (জাকির নায়েক) ফেরত পাঠাতে পারি না। কেননা তিনি হত্যার ঝুঁকির মধ্যে আছেন।

‘তাই তিনি (জাকির নায়েক) আজ এখানে, তবে কোন দেশ যদি তাকে নিতে চায়, তারা নিতে পারে,’ বলেন মাহাথির।

এদিকে, জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়। মালেশিয়ার ন্যাশানাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উষ্কানি দেওয়া বন্ধ করুক জাকির নায়েক।

সম্প্রতি মালয়েশিয়ার কোটা বারুতে ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের পরিস্থিতির তুলনা করেন জাকির নায়েক। তিনি বলেন, "ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা দ্বিগুণ সুযোগ-সুবিধা পেয়ে থাকে।"

এরপরই তিনি যে মন্তব্য করেন, তাকে ঘিরে ওঠে বিতর্কের ঝড়। জাকির বলেন, "মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডঃ মাহাথীর মহম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি আনুগত্য প্রকাশ করে মালয়েশিয়ার হিন্দুরা।" মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুদের দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন জাকির।

এএস