গ্রিসের বৃহত্তম সমুদ্রবন্দর পাইরিয়াসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে চীন। গ্রিসের বেসরকারীকরণ সংস্থার সঙ্গে শুক্রবার এ-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না কসকো শিপিং করপোরেশন।
চীনা কোম্পানিটি ৩৬ কোটি ৮৫ লাখ ইউরোর (৪২ কোটি মার্কিন ডলার) বিনিময়ে গ্রিক বন্দরটির ৬৭ শতাংশ মালিকানা কিনেছে।
ইউরোপীয় ঋণদাতাদের শর্ত মানতে গ্রিসকে অনেকগুলো জাতীয় সম্পদ বেসরকারি খাতে ছেড়ে দিতে হচ্ছে। এর আগে গত বছর পর্যটনসমৃদ্ধ দেশটির ১৪টি আঞ্চলিক বিমানবন্দর অধিগ্রহণ করেছে জার্মানির রাষ্ট্রায়ত্ত খাতের একটি সহযোগী কোম্পানি।
এবার দেশটির বৃহত্তম সমুদ্রবন্দরের স্বত্ব কিনল চীনা কোম্পানি। আগামী জুলাইয়ে গ্রিসের আরেকটি বড় সমুদ্রবন্দর বিক্রির বিষয় চূড়ান্ত হবে।
সেটি কিনতে এগিয়ে রয়েছে ডেনমার্কভিত্তিক সমুদ্র পরিবহন সংস্থা মার্স্ক।
পাইরিয়াস বন্দরের দুটি কনটেইনার টার্মিনাল আগে থেকে কসকো শিপিং করপোরেশনের কাছে ইজারা রয়েছে।
২০০৯ সালে চীনা কোম্পানিটি ৩৫ বছরের জন্য টার্মিনালটি ইজারা নেয়। এবার খোদ বন্দর পরিচালনাকারী কোম্পানি পাইরিয়াস পোর্ট অথরিটির সিংহভাগ মালিকানা করায়ত্ত করল কসকো।
এসএম





