প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (Pacific Tsunami Warning Center) জানিয়েছে, ফিলিপাইনের উপকূলীয় কিছু এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউতেও সুনামির জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, যেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা তারও বেশি হতে পারে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক মিনিট পরেই আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ২।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ছিল প্রায় ১২৩ কিলোমিটার।

প্রথম ও দ্বিতীয় ভূমিকম্পের আধা ঘণ্টার মধ্যেই আরও কয়েকটি ‘আফটারশক’ অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬-এর মধ্যে।

দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “দুটি ভূমিকম্পই ছিল প্রবল শক্তিশালী। আঘাতের সঙ্গে সঙ্গে মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। কিছু ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনো হতাহতের তথ্য মেলেনি।”

স্থানীয় প্রশাসন উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে এবং সম্ভাব্য সুনামি পরিস্থিতি মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এনএইচ