হঠাৎ করেই পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্কের নাটকীয় অগ্রগতি লক্ষ্য করা গেছে। আজ সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেলে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ে গোপন বৈঠক।

বৈঠকে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু ও কাশ্মীর বিষয় নিয়ে গুরুত্বাপূর্ণ আলোচনা হয়।

গত সপ্তাহে প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে অনির্ধারিত আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দুই দেশের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। উভয় দেশের জন্য সু্বিধাজনক বিবেচনায় আলোচনার জন্য তারা ব্যাংককে বেছে নেন।

বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্র সচিবরা এক যৌথ বিবৃতিতে বলেন, আলোচনায় শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু ও কাশ্মীর বিষয় ছাড়া দুই দেশের মধ্যকার নিয়ন্ত্রণ রেখার শান্তি বজায় নিয়ে আলোচনা হয়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চার ঘণ্টা ধরে চলা এ বৈঠকে নিরাপত্তাসহ জম্মু ও কাশ্মীর বিষয়টি গুরুত্ব পায়। সূত্রটি আরো জানায়, উফা ঘোষণা কথা স্মরণ করে নরেন্দ্র মোদি উভয় পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেন।

যৌথ বিবৃতিতে দুই দেশের পররাষ্ট্র সচিবরা বলেন, আলোচনার কেবল সূত্রপাতমাত্র। এ বৈঠক সামনে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার দরজা খুলে দেবে।

এ বছরের প্রথম দিকে রাশিয়ার উফাতে দ্বিপাক্ষিক আলোচনায় দুই প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা পর্যায়ে বৈঠকের ঘোষণা দেন।

এর কয়েক সপ্তাহ পর ভারতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক মিনিট আগে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়ে দেন তিনি বৈঠকে অংশ নিতে ভারতে আসছেন না। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে বৈঠকে উপস্থিত রাখার দাবি জানান সারতাজ। কিন্তু ভারত সে দাবি প্রত্যাখ্যান করে। (তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন)

এমকে