ইরানে তেল রফতানি বন্ধের শর্তে চীন, ভারত, গ্রিস, ইতালি তাইওয়ান, জাপান, তুরস্ক ও দক্ষিণ কোরিয়াকে আমদানি সুবিধা দিয়েছিলো যুক্তরাষ্ট্র। এই আট দেশের তিনটি দেশ ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। এমনটিই দাবি করেছেন ইরানে নিযুক্ত মার্কিন বিশেষ দূত ব্রায়ান হুক।
তিনি বলেন, ‘গত নভেম্বরে আমরা আটটি দেশকে সুবিধা দিয়েছিলাম যেন তেলের দাম বৃদ্ধি প্রভাব না ফেলে। আজ আমি নিশ্চিত করতে চাই তিনটি দেশ ইরান থেকে আমদানি শূন্যের কোঠায় নামিয়ে এনেছে।’
তবে তিনি দেশগুলোর নাম জানাননি। মার্কিন এই কর্মকর্তা হুক বলেন, ‘২০১৮ সালের মে মাস থেকে নিষেধাজ্ঞা কার্যকরের পর এখন পর্যন্ত ১৫ লাখ ব্যারেল তেল সরিয়ে নিয়েছে ইরান। ফলে তারা এক হাজার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। দেশটি একদিকে আন্তর্জাতিক ইরানি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে, অন্যদিকে ইরানের ওপর আবার আরোপ করেছে নিষেধাজ্ঞা। যু্ক্তরাষ্ট্রের অভিযোগ সিরিয়া ও ইয়েমেনে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ইরান।





