ইন্দোনেশিয়ায় পর্যটকদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ বিদেশী পর্যটক এবং ৫ ইন্দোনেশিয় নৌচালক নিঁখোজ রয়েছে। উদ্ধার করা হয়েছে নৌকায় অবস্থানকারী অপর ১০ জনকে।
বিবিসি'র খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে লুমবুক ও কুমুদু দ্বীপের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ট্যুর কোম্পানির একজন প্রতিনিধি জানিয়েছেন, নৌকাটি সম্ভবত ঝড়ো আবহাওয়ার মুখোমুখি হয়েছিল।
পর্যটনের জন্য বিখ্যাত বালি দ্বীপের পাশে লুমবুক দ্বীপটি অবস্থিত। ভ্রমণের জন্য প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক আসেন।
উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা জানিয়েছে, উদ্ধারকৃত ১০ পর্যটক যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং ন্যাদারল্যান্ডের নাগরিক। যারা নিখোঁজ রয়েছে তারা কোন দেশের নাগরিক, সেটা এখনো জানা যায়নি।
উদ্ধারকারী কর্মকর্তা সুরইয়ামান বলেন, নৌকাটিতে চালকসহ মোট ২৫ জন ছিল। স্থানীয় সময় সকাল ৭টায় লুমবুক থেকে এটি যাত্রা করে। রাত ৮টার সময় আমরা দুর্ঘটনার খবর পাই। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতা চালাতে দেরী হয়। রাতেরবেলা জেলেরা ৫ জনকে জীবিত উদ্ধার করে। অপর একটি নৌকা আরো ৫ জনকে উদ্ধার করে।।
দ্বীপসমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় বিদেশী নৌকা চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু পর্যটকদের বহনকারী নৌকা খুব কমই দুর্ঘটনার মুখোমুখি হয়।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





