কাশ্মীরে নতুন করে আবারও ২৮ হাজার সেনা মোতায়েন করছে ভারত সরকার। বিমান বাহিনীকেও পাঠানো হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা দিয়ে। রাজ্যে চলছে হাই অ্যালার্ট।

কাশ্মীর নিয়ে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা জনমনে প্রশ্ন তৈরি করেছে। প্রথমত, জাতীয় উপদেষ্টা অজিত দোভালের কাশ্মীর সফর। তারপরই দিল্লির তরফে ১০ হাজার সেনা মোতায়েন। আর সীমান্তের ওপারে, পাকিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় সতর্কতা জারি।

বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছে সেনারা। গোটা উপত্যকা এখন থমথমে। এর মধ্যেই নতুন করে সেনা তৎপরতা নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও।

এদিন এক টুইটে তিনি বলেন, ‘কী হচ্ছে এটা কাশ্মীরে? হঠাৎ কী এমন হল যে রাজ্যে সেনা বাড়ানোর প্রয়োজন পড়ল!’ এর পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত জনগণের কাছে বিস্তারিত তুলে ধরা হয় না।’  সূত্র: ইন্ডিয়া টুডে ও পিটিআই।

এসএম