ইরাকের রাজধানী বাগদাদে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তা ও সেখানে অবস্থিত দূতাবাস রক্ষায় যুক্তরাষ্ট্র ইরাকে প্রায় ২৭৫ জন সেনা সদস্য মোতায়েন করছে। প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেস নেতাদের চিঠি দিয়ে সোমবার এসব সৈন্য পাঠানোর কথা জানান।

চিঠিতে বারাক ওবামা বলেন, ‘সেনা সদস্যরা আমেরিকার নাগরিক ও সম্পত্তি রক্ষা করবে। দরকার হলে তারা যুদ্ধের জন্যও প্রস্তুত থাকবে।’ রোববার থেকে এসব সৈন্য মোতায়েন শুরু হয়েছে।

ইরাকের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব মার্কিন সৈন্য বাগদাদে অবস্থান করবে।

সৈন্য মোতায়েনের এ সিদ্ধান্ত এমন এক সময় নেয়া হলো যখন জিহাদি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূণ উত্তরাঞ্চলীয় একটি শহর নিয়ন্ত্রণে নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই চালাচ্ছে। ইরাকের এ পরিস্থিতিতে ওয়াশিংটন জঙ্গিদের বিরুদ্ধে সম্ভাব্য ড্রোন হামলার কথা বিবেচনা করছে।

আইএসআইএলের যোদ্ধারা বাগদাদের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখলে নেয়ার পর ইরাকের রাজধানীর দিকে অগ্রসর হওয়া শুরু করে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক সদস্যরা বাগদাদ থেকে দূতাবাসের স্টাফদের আরবিল, বসরা কনস্যুলেট ও আম্মানে সরিয়ে নিতে পররাষ্ট্র দপ্তরের জন্য সহায়ক হবে।

এতে আরো বলা হয়, দূতাবাস খোলা রয়েছে এবং অধিকাংশ কর্মীদের বাগদাদে রাখা হবে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সরকারের সম্মতি নিয়ে এসব মার্কিন সৈন্য ইরাকে প্রবেশ করছে।সূত্র: এএফপি।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।