ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরও ৬ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমায় সিআরএফের মাইনরোধী গাড়ি উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, একটি আইইডি বিস্ফোরণে সবাই প্রাণ হারান। সুকমা জেলার কিসতারাম এলাকায় এই বিস্ফোরণ ঘটে৷ সিআরপিএফের ২১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তখন নজরদারি চালাচ্ছিলেন৷ ওই সময়ই বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে৷

গত ২ মার্চ ছত্তিশগড়ের বিজাপুর জেলার পূজারী কাকের এলাকার জঙ্গলে সিআরপিএফ’র সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ মাওবাদী নিহত হয়। এরই পাল্টা জবাব হিসেবে এ হামলা- এমনটি ধারণা করা হচ্ছে।