অবশেষে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের বিমান হামলায় ৩০০ জঙ্গি নিহত হওয়ার দাবি থেকে সরে এসেছে নয়াদিল্লি। বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী এসএস অহলুওয়ালিয়া এ ধরনের দাবির জন্য দেশটির গণমাধ্যমকেই দায়ী করেছেন।
এসএস অহলুওয়ালিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা সরকারি মুখপাত্রের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমের সাহায্যে এগুলো ছড়ানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, শনিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন এসএস অহলুওয়ালিয়া। সেখানে তিনি বলেন, গত কয়েকদিনে জাতীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের সংবাদমাধ্যমের রিপোর্টই পড়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও শুনেছি।
তিনি আরও বলেন, পাকিস্তানে বোমাবর্ষণের পর রাজস্থানের চুরুতে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে একবারের জন্যও কি ৩০০ জঙ্গি মারা গেছে বলেছিলেন তিনি? বিজেপির কোনও মুখপাত্রের পক্ষ থেকে কি জঙ্গি মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা হয়েছে? অমিত শাহ কি তেমন কিছু বলেছেন?
পাকিস্তানকে বার্তা দিতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় বিমানবাহিনী সেখানে বোমা ফেলে বলেও দাবি করেন অহলুওয়ালিয়া। তার কথায়, “সব পাহারা টপকে শত্রুর বাড়ির পাশে বোমা ফেলেছি ঠিকই। তবে এতে সাধারণ মানুষের প্রাণহানি হোক তা চাইনি। শুধু কড়া বার্তা দেয়াই উদ্দেশ্য ছিল আমাদের যেন তারা বুঝতে পারে যে, শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়ার ক্ষমতা আছে আমাদের।”
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশি মোহাম্মদ। এতে ৪০ জওয়ান নিহত হয়।
ওই হামলার জবাব দিতে ১১ দিন পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক-অধ্যুষিত কাশ্মীর, বালাকোট এবং চাকোটিতে বোমা হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। এতে ৩০০-৩৫০ জন নিহত হওয়ার দাবি করতে থাকে বিভিন্ন গণমাধ্যম। যদিও শুরু থেকেই এ দাবির সমালোচনা করে আসছে বিজেপি-বিরোধী দলগুলো।
জেড





