ইসলামী ধর্মপ্রচারক ও পিস টিভি-র প্রধান মুখ জাকির নায়েক ওমরা পালন শেষে নিজ দেশ ভারতে ফেরার কথা থাকলেও তিনি সিদ্ধান্ত বদল করেছেন।

ড.জাকির নায়েক সৌদি আরবে ওমরাহ শেষে  মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে কথা ছিল।

মুম্বাই পুলিশ সূত্রে জানানো হয়েছিল, পিস টিভিতে জাকির নায়েকের নানা বক্তৃতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে ও জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগ উঠেছে, ভারতে ফেরামাত্র তারা সে সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন।

মুম্বাইতে জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনও ঘোষণা করেছিল মঙ্গলবার মি. নায়েক শহরে একটি সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা সব প্রশ্নের জবাব দেবেন।

কিন্তু শেষ মুহূর্তে জাকির নায়েক তার ভারতে ফেরা বাতিল করে দেন। কেন তিনি মুম্বাইতে ফিরলেন না, এবং কবে তিনি ভারতে ফিরবেন সে ব্যাপারেও তিনি বা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অবশ্য এর পরেও বলেছিল মঙ্গলবারের নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল হচ্ছে না। সৌদি আরব থেকে স্কাইপেই ড: নাইক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন।

পরে অবশ্য সেই স্কাইপ সাংবাদিক সম্মেলনও বাতিল করে দেওয়া হয়। গতকাল বিকেলের দিকে জাকির নায়েকের পক্ষ থেকে জারি করা হয় তার স্বাক্ষরিত এক বিবৃতি।

সেই বিবৃতিতে ড: নায়েক বলেন, “আমি কোন দিন সন্ত্রাস বা হিংসাকে কোন আকারেই সমর্থন করিনি। জীবনে কখনও সমর্থন জানাইনি কোনও সন্ত্রাসবাদী সংগঠনকেও।”

ভারতের নিরাপত্তা সংস্থার কোন কর্মকর্তাও তার বক্তৃতার ব্যাখ্যা চেয়ে এখনও তার সঙ্গে যোগাযোগ করেন নি বলেও জাকির নায়েক দাবি করেছেন। সন্ত্রাস দমনে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

তবে কবে তিনি ভারতে ফিরছেন সে ব্যাপারে ওই বিবৃতিতে জাকির নাইক কিছু জানাননি।

কিন্তু তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সূত্রে আভাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই তার ভারতে ফেরার কোন সম্ভাবনা নেই। কারণ ‘আগামী কিছুদিন তিনি আফ্রিকাতে স্টাডি ট্যুরে ব্যস্ত থাকবেন।’

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লাইসেন্স না-থাকা সত্ত্বেও পিস টিভি চ্যানেলটি ভারতের বিভিন্ন প্রান্তে কেবল অপারেটররা অবৈধভাবে দেখাতেন। এখন সরকারের কড়া নির্দেশের পর তা বন্ধ হতে শুরু করেছে।

গতকাল বাংলাদেশ সরকারও ঘোষণা করেছে জাকির নায়েকের পিস টিভি-র সম্প্রচার নিষিদ্ধ করা হচ্ছে।

এসএম