তার মতে, ইসরাইলি সমাজ বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গোষ্ঠীগত স্বার্থ দেশের সামগ্রিক নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির স্থিতিশীলতা আরও দুর্বল হয়ে পতনের ঝুঁকি বাড়তে পারে।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরাইলি সংবাদপত্র মারিভ-এ প্রকাশিত এক নিবন্ধে এসব মন্তব্য করেন ব্রিক।

ব্রিক বলেন, ইসরাইলি সমাজ বাস্তব পরিস্থিতি অনুধাবনের সক্ষমতা হারাচ্ছে। রাজনৈতিক বিভাজন ও সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক অসহিষ্ণুতা বাড়ছে।

তার ভাষ্য, দেশটি এমন এক সংঘাতপূর্ণ সমাজে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ফলে নিজেদের পক্ষের স্বার্থে অনেক ভুল সিদ্ধান্ত ও কর্মকাণ্ডও বৈধতা পাচ্ছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের সমালোচনা করলেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আক্রমণের শিকার হতে হয়।

সাবেক এই জেনারেল জানান, সাম্প্রতিক বছরগুলোর সেনাপ্রধানদের সমালোচনা করে তাদের নেতৃত্বের কারণে সেনাবাহিনী ‘খাদের দিকে’ এগিয়ে গেছে বলে মন্তব্য করায় বামপন্থীদের একটি অংশ তাকে নেতানিয়াহু-সমর্থক ডানপন্থী হিসেবে চিহ্নিত করেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ রাজনৈতিক নেতাদের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে সমালোচনা করায় ডানপন্থীদের কাছ থেকে তাকে বামপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এ ছাড়া হেরেদি সম্প্রদায়ের সমালোচনা করায় ওই গোষ্ঠীর কাছ থেকেও তাকে ‘অইহুদি’ বলে অপমানের শিকার হতে হয়েছে বলে দাবি করেন ব্রিক।

ইৎজাক ব্রিকের মতে, ইসরাইলে গোষ্ঠীগত স্বার্থ এখন জাতীয় নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে। এতে সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিভাজন ও পারস্পরিক সংঘাত আরও তীব্র হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভ্যন্তরীণ বিভাজন ও পারস্পরিক সংঘাত অব্যাহত থাকলে ইসরাইলি সমাজের স্থিতিশীলতা আরও দুর্বল হবে এবং দেশটির পতনের ঝুঁকি ক্রমেই বাড়বে।

সূত্র: পার্সটুডে

এস