সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির শায়বা তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোনটি প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হন। আহত হন আরও দুজন।

বৃহস্পতিবার ভোরে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, নিহতদের একজন ফিলিপাইনের নাগরিক এবং অন্যজন নেপালের নাগরিক। তেলক্ষেত্রের বাইরে সেখানে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেল উৎপাদন বা স্থাপনাটির কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।

অন্যদিকে, বুধবার দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানানো হয়।

আরও ড্রোন ভূপাতিত করার দাবি

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়োজিত জোট। বৃহস্পতিবার ভোরে জোটটি জানায়, পূর্বাঞ্চলের আকাশে চারটি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

এর আগে বুধবার জোটটি জানিয়েছিল, সৌদি আরবের দিকে ছোড়া সাতটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনও ছিল। মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ অবস্থিত।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, ড্রোনগুলো সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে ভূপাতিত করা হয়।

পরে আল-মালিকি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জোটটি আরও জানায়, হুথিদের ছোড়া ষষ্ঠ ড্রোনটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। সপ্তম ড্রোনটি ছোড়া হয়েছিল পূর্বাঞ্চল লক্ষ্য করে। জোটের দাবি, দুটি ড্রোনই প্রতিহত করা হয়েছে।

এস