ভারতীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বুধবার পার্লামেন্টে (লোকসভা) বলেছেন, সারদা ফান্ডের টাকা বাংলাদেশে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে।
ভারতের ক্ষমতাসীন বিজেপি প্রধান অমিত শাহ সম্প্রতি অভিযোগ করেছিলেন, সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগানোর জন্য কথিত সারদা কেলেঙ্কারির টাকা বাংলাদেশে পাঠানো হয়েছিল। তিনি আরো অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গের ‘বর্ধমান বিস্ফোরণ’ নামে পরিচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে সারদা ফান্ডের অর্থ ব্যবহৃত হয়েছিল।
কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসবিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বুধবার পার্লামেন্টে প্রশ্ন-উত্তর পর্বে তার ওই বক্তব্য সম্পূর্ণ উড়িয়ে দিলেন। বিজেপির এমপি হরি মাঝি ও প্রহাদ যোশির প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ওই দুই এমপি প্রশ্ন করেছিলেন, সারদা চিট ফান্ডের তহবিল সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হওয়ার জন্য বাংলাদেশে পাচার হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিয়ে হওয়া তদন্তের পূর্ণ বিবরণ সরকার জানতে চেয়েছে কি না। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) এ ধরনের কোনো লেনদেনের তথ্য পেয়েছে কি না তা-ও তারা জানতে চান।
এর জবাবে জিতেন্দ্র সিং বলেন, ‘এখন পর্যন্ত যে তদন্ত হয়েছে, তাতে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতায় অর্থ যোগান দিতে এ ধরনের কোনো লেনদেন হওয়ার তথ্য পাওয়া যায়নি।’
টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, তাদের পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত হয়েছিল যে, বর্ধমান বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তে বাংলাদেশে টাকা পাচার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিজেপি নেতা অমিত শাহ রোববার কলকাতায় এক সমাবেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, তারা বর্ধমান বিস্ফোরণের জড়িত সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেছিলেন, ‘এই বিস্ফোরণে তৃণমূল নেতারা জড়িত।’
অমিত শাহ আরো বলেছিলেন, ‘সারদা চিট ফান্ডের অর্থ এই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল। সিবিআই এই বিষয়টি তদন্ত করছে।’
মমতা সরকার অবৈধ বাংলাদেশী অভিবাসীদের রক্ষা করছে, এমন অভিযোগ তুলে অমিত শাহ আরো বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সুযোগ দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেনি। তাদের সুরক্ষা দেয়া বাদ দিন।’
জেআই





