ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালাম আজাদ আর নেই। সোমবার শিলংয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং-এ "লাইভ্যাবল প্লানেট আর্থ" শীর্ষ অনুষ্ঠানে যোগদান করেন।
সেখানে তিনি অসুস্থ্যতা অনুভব করলে তাকে শিলংয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবদুল কালামের জন্ম তামিলনাড়ুর উপকুল সংলগ্ন রামেশ্বারামে। তার পিতার নাম জয়নুল আবেদিন ও মাতার নাম আসিআম্মা। তিনি খুব গরীব পরিবারের সন্তান ছিলেন এবং খুব অল্প বয়সেই তাকে জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় কাজ করতে হয়েছিল।
তার পড়াশুনার বিষয় ছিল এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। চল্লিশ বছর যাবত তিনি ভারতের বিভিন্ন বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে Defence Research and Development Organisation (DRDO) এবং Indian Space Research Organisation (ISRO) কর্তব্যরত অবস্থায় তিনি বেসরকারী মহাকাশ গবেষণা ও সামরিক মিসাইল তৈরীতে প্রচুর অবদান রাখেন। ব্যালেস্টিক মিসাইল ও তার উৎক্ষেপন যান তৈরীতে তার অবদানের জন্য তিনি ‘মিসাইল ম্যান’ হিসাবে স্বীকৃতি পান।
১৯৯৮ সালে ভারতের প্রথম সফল পারমানবিক পরীক্ষা পোখরান-২ এর তিনি ছিলেন মুখ্য অবদানকারী।
২০০২ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ভারত প্রজাতন্ত্রের ১১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জেডআই/কেএইচ





