স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে আরেকটি রাজ্য মোদি সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যে গতকাল (১৫ আগস্ট) মণিপুর রাজ্যে নাগা জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। বিশেষ করে রাজ্যের সেনাপতি জেলায় গোটা দেশ থেকে কয়েক হাজার নাগা জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে ‘নাগা স্বাধীনতা দিবস’পালন করে।
এই ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে উত্তর-পূর্বের এই রাজ্যটি আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা ‘নাগালিম’গড়ার ডাক দিয়ে আসছে সেখানকার বাসিন্দারা।
নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন এই দাবিতে অনেক দিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনটি দুই ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড। কিন্তু পতাকা উত্তোলনে আবারও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে।
এমবি





