তাম্বভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ জানান, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কতোভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেনের ড্রোন আঘাত হানলে ২৫ জন আহত হন।
তিনি টেলিগ্রামে বলেন, “রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হন।” তিনি আরও জানান, হামলার আগে ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছিল।
পেরভিশভ বলেন, “ড্রোনগুলো যদি লক্ষ্যবস্তুতে পুরোপুরি পৌঁছাতে পারত, তাহলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।”
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের বাহিনী রাশিয়ার দুটি লজিস্টিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো ড্রোন উৎপাদনের যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হতো। তিনি আরও দাবি করেন, একটি তেল স্থাপনাতেও আঘাত হানা হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, মস্কোর পূর্বে অবস্থিত ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে ড্রোন হামলায় আরও ২৪ জন আহত হন।
ওয়াইল্ডবেরিজের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম একে রাশিয়া ও কোম্পানির জন্য “ভয়াবহ একটি রাত” বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে মস্কো অঞ্চলেরই নোগিনস্ক শহরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন লাগে বলে জানান গভর্নর ভোরোবিয়ভ। তিনি বলেন, ওই ঘটনায় দুইজন আহত হয়েছেন এবং কাছাকাছি একটি মাতৃসদন নিরাপত্তার কারণে খালি করে নেওয়া হয়েছে।