গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা কবির হোসেন।

নিহত সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা কবির হোসেনের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট।

সাগরের বাবা কবির হোসেন জানান, চান্দিনার একটি রড-সিমেন্টের দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করতেন সাগর। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে তিনি রাশিয়া যাওয়ার জন্য পরিবারের কাছে বায়না ধরেন। প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়া যান তিনি। সেখানে গিয়ে একটি বেকারিতে চাকরি নেন।

পরে সেখানে এক দালালের খপ্পরে পড়েন সাগর। ওই দালাল তাঁকে রুশ সেনাবাহিনীতে যোগ দিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে বলে প্রলোভন দেখান।

কবির হোসেন বলেন, ছেলের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি তাঁকে যুদ্ধে যোগ দিতে নিষেধ করেছিলেন। কিন্তু বাবার নিষেধ না শুনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন সাগর।

পরিবারের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকে সাগরের সঙ্গে তাঁদের আর যোগাযোগ হয়নি।

কবির হোসেন জানান, গত শনিবার সাগরের এক সহকর্মী তাঁকে ফোন করে ছেলের মৃত্যুর খবর দেন। এ খবর শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সাগরের মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ এবং তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা এখনো জানা যায়নি। এসব বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর বাবার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। খোঁজ নিয়ে সাগরের পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

এস