ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের আলীগড়ে একটি মসজিদের গম্বুজ নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সহিংসতা এতদূর পর্যন্ত পৌঁছায় যে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিও চলে।
শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘একটি মসজিদের নির্মাণকাজ চলার সময়ে সেখানে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ পৌঁছায়। মসজিদটিতে অবৈধভাবে গম্বুজ নির্মাণ করা হচ্ছে বলে তারা দাবি জানায়। এ নিয়ে সেসময় উভয় সম্প্রদায়ের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়।’
ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি বিধায়ক সঞ্জীব রাজা সেখানে পৌঁছান। তিনি হিন্দু সম্প্রদায়ের পক্ষে উত্তেজক বক্তব্য দেন। তিনি উপস্থিত লোকদের সামনে বলেন, কেবল গম্বুজই নয়, গোটা মসজিদই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
তিনি পুলিশ কর্মকর্তাদের ওই গম্বুজ অপসারণের জন্য সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন। এরপরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিবাদমান গোষ্ঠী পরস্পরের উদ্দেশ্যে পাথর ছোঁড়ে এমনকী গুলিও চালায়।যদিও তাতে কেউ আহত হয়েছেন বলে শোনা যায়নি।
একটি সূত্রে প্রকাশ, অনেক পুরোনো একটি মসজিদ নতুনভাবে নির্মাণ করে গম্বুজ নির্মাণের সময় রাজকুমার নামে স্থানীয় এক ব্যক্তির আপত্তিতে উভয়পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রথমে উভয়পক্ষের সঙ্গে কথা বলে সকলকে শান্ত করার চেষ্টা হয়। কিন্তু তা সত্ত্বেও তারা শান্ত না হলে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, রবার বুলেট ছোঁড়াসহ শূন্যে গুলি ছুঁড়তে হয়। এ সময় লোকেরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তাদের জোর করে সেখান থেকে হটিয়ে দেয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





