পোস্টার লাগিয়ে মেয়েদের জিন্স ও টি-শার্ট না পরার আর্জি জানিয়েছে গুজরাট সরকার। গুজরাট সরকারের মহিলা সশক্তিকরণ কর্মসূচির আওতায় পোরবন্দর পুলিশ শহরে এই পোস্টার লাগিয়েছে। পোস্টারটি ঘিরে রাজ্যে বিতর্ক দানা বেঁধেছে।

পোস্টারে লেখা হয়েছে, জিন্স, টি-শার্ট পরে বাড়ির বাইরে মেয়েরা যেন না বেরোয়। পোস্টারে জিন্স, টি-শার্ট ও শর্টস পরা মেয়েদের ছবিও দেয়া হয়েছে।

গুজরাটে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী একজন নারী। তিনি আনন্দীবেন পাটেল।

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের প্রতি যৌন নিগ্রহের ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছিলেন। মেয়েরা যাতে ধর্ষিতা না হন এবং সুরক্ষিত থাকেন সেজন্য তিনি অভিভাবকদের বাড়ির ছেলেদেরও অনুশাসনে রাখার আর্জি জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই রাজ্যেই মেয়েদের পোশাকে প্রথম বিধিনিষেধ জারি করা হল।

আরও উল্লেখযোগ্য বিষয়, গুজরাট সরকারের পোস্টারে মেয়েদের ‘অযোগ্য’পোশাক না পরার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু ‘যোগ্য’বা ‘অযোগ্য’পোশাক কী হবে তা নিয়ে স্পষ্টভাবে পোস্টারে কিছু বলা হয়নি।

এটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন নেতা মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ