যুক্তরাষ্ট্রের আকাশ থেকে আবারও রহস্যময় একটি বস্তু ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্টের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানার হ্রদ এলাকা লেক হুরনর কাছে ক্ষেপণাস্ত্র ছুড়ে বস্তুটি নামিয়েছে মার্কিন বিমান বাহিনী।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকা মন্টানার লেক হুরনে বস্তুটি দেখা যায়। এটি ছিল অষ্টভূজাকৃতির এবং সেটি আকাশের ২০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। খবর বিবিসির।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ বস্তুটি নামানো হয়। বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল নিরাপদ রাখতেই বস্তুটিকে ভূপাতিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত দু’সপ্তাহে এই নিয়ে চতুর্থবারের বারের মতো নিজেদের আকাশ থেকে বিদেশি উড়ন্ত বস্তু নামাল মার্কিন সামরিক বাহিনী। প্রথম যে বস্তুটি নামানো হয়েছিল, সেটি ছিল চারটি বাসের আকৃতির সমান একটি চীনা বেলুন। গত ৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলে ভূপাতিত করা হয় বেলুনটি। তার আগে বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়েছে সেটি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যই নজরদারি এই বেলুনটি পাঠিয়েছিল চীন। অন্য দিকে চীনের দাবি, বেলুনটি ছিল সম্পূর্ণ বেসামরিক এবং আবহাওয়া বিষয়ক তথ্য সংগ্রহের জন্য সেটি ওড়ানো হয়েছিল; জোর বাতাসে গতিপথ হারিয়ে ‘ভুলক্রমে’ সেটি চলে গিয়েছিল যুক্তরষ্ট্রের আকাশে।
মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান এফ-১৬ ফাইটার জেটের একটি জেট থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আটলান্টিক সাগরে ভূপাতিত করা হয়েছিল বেলুনটি। পেন্টাগনের রোববারের বিবৃতিতে বলা হয়, লেক হুরন এলাকায় নামানো উড়ন্ত বস্তুটির ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়েছে।
এবিএস





