ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন।

আজ (১৮ মার্চ) বুধবার তিনি বলেন, নয়াদিল্লিতে নিজ বাসভাবনে তিনি ঘরবন্দি হয়ে থাকবেন। যদিও পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস নেগেটিভ দেখা গেছে।

টুইটারে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি একটি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার হাসপাতালে পরবর্তী সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে আমি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছি। কিন্তু আমার শরীরে করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে।

গেল ১৪ মার্চ শ্রী চিত্রা ট্রাইব্যুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে একটি কর্মসূচিতে অংশ নেন মুরালিধরন। সেখানকার এক চিকিৎসক স্পেন থেকে ফিরে আছেন। যেটা গোপন রাখা হয়েছিল। একদিন পর তার শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।

ওই চিকিৎসকের সংস্পর্শে আসা প্রতিষ্ঠানটির ২৫ চিকিৎসকসহ ৭৬ কর্মকর্তা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষদিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী নভেল করোনাভাইরাস। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি।

ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।

এখনও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা এর উৎস দেশ চীনে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২২৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার ৮৮১ জন।

এমবি