ভারতের তেলেঙ্গানা রাজ্যে ট্রেনের ধাক্কায় একটি স্কুলে বাসের চালক ও অন্তত ১৭ শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, একটি লেভেল ক্রসিংয়ে স্কুল বাসটিকে ধাক্কা দিয়ে কয়েকশ’ মিটার দূরে নিয়ে যায় দ্রুতগামী একটি ট্রেন। বাসে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। খবর, এনডিটিভি'র।

রাজ্যের মেডাক জেলার মাসাইপেট গ্রামের একটি লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ আরো জানায়, দুর্ঘটনায় আহত ৭-১৪ বছর বয়সী ১৬ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

বিশ্বের সবচেয়ে বড় ও জটিল রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে ভারতে। দেশটিতে প্রতিদিন ৯,০০০ ট্রেনে করে প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ যাতায়াত করেন। গত কয়েক বছরে ভারতে কয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ নিহত হয়েছে।

গতমাসেও বিহার জেলায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও ১০ জন আহত হয়। এর আগে মে মাসে উত্তর প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একটি মালবাহী ট্রেনে আঘাত করলে অন্তত ২০ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ, টিআই