সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস-এর নিয়ন্ত্রণে থাকা তেল শোধনাগারগুলোতে বিমান হামলা শুরু করেছে আমেরিকা ও তার মিত্ররা। সিরিয়ায় আইএস-এর অবস্থানে হামলার তৃতীয় দিনের মাথায় তেল শোধনাগারগুলোতে প্রথম হামলা চালায় আমেরিকার নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট। মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস-এর নিয়ন্ত্রণে থাকা তেল শোধনাগারগুলোতে আমেরিকার পাশাপাশি বিমান হামলায় অংশ নেয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সিরিয়ার পূর্বাঞ্চলীয় আল-মায়াদিন, আল-হাসাকাহ ও আলবু কামাল এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চালকবাহী জঙ্গি বিমান ও চালকবিহীন ড্রোন থেকে বোমা হামলা চালানো হয়।

এদিকে, সিরিয়া ও ইরাকে আইএস বিরোধী মার্কিন জোটে ব্রিটেনেরও যোগ দেয়া উচিত বলে জোর দিয়ে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতার সময় তিনি এ কথা জানান। দেশটির পার্লামেন্টকে এর পক্ষে অনুমোদন দেয়ার জন্য গত শুক্রবার আহবান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস-এর তেল শোধনারগুলো লক্ষ্য করে অন্তত ১৩টি হামলা চালানো হয়েছে। এতে আইএস-এর একটি গাড়িও ধ্বংস হয়েছে।

মার্কিন সামরিক সূত্রে জানা গেছে, এই তেল শোধনারগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে আইএস। এ ছাড়া এখান থেকে তারা যানবাহন ও সামরিক যানগুলোর জ্বালানিও মেটাতে পারছে। তাই তাদের নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলোতে হামলা চালানো হচ্ছে।

আইএস ঠিক কী পরিমাণ পরিশোধিত ও অপরিশোধিত তেল বিক্রি করতে পারে তা অবশ্য পরিষ্কার নয়। তবে, মার্কিন জ্বালানি বিভাগের প্রধান অ্যাডাম সিয়েমিনস্কি জানান, আইএস প্রতিদিন অন্তত এক লাখ ব্যারেল ক্রুড অয়েল অর্থ্যাৎ অপরিশোধিত তেল উত্তোলন করছে।

এদিকে চলতি মাসে মার্কিন জাতীয় সন্ত্রাসবাদ দূরীকরণ সেন্টারের উপ-পরিচালক নিকোলাস রাসমুসেন কংগ্রেসকে সরবরাহ করা এক তথ্যে জানান, আইএস কালোবাজারে তেল বিক্রি করে প্রতিদিন প্রায় এক মিলিয়ন অর্থ্যাৎ ১০ লাখ ডলার আয় করছে। এ ছাড়া তাদের আয়ের আরো কয়েকটি উৎস হচ্ছে লুটতরাজ, স্মাগলিং ও আটক ব্যক্তিদের মুক্তির বিনিময়ে মুক্তিপণ আদায়।

এদিকে, সিরিয়ায় মার্কিন ও তার জোটের বিমান হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৭০ আইএস যোদ্ধা এবং ৮ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ