ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর বিমান ও আর্টিলারি শেল দিয়ে এখনো হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এই হামলায় ৩১ শিশুসহ নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবারও (১৪ মে) হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ হাজারের কাছাকাছি।
এদিকে, গাজার ওপর নির্বিচারে বোমা বর্ষণের প্রতিবাদে গাজা থেকে পাল্টা হামলায় এখন পর্যন্ত দেড় সহস্রাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। এছাড়া দক্ষিণ লেবানন থেকেও বৃহস্পতিবার ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।
এবার দখলদার ইসরাইল অভিমুখে সিরিয়া থেকে হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার (১৪ মে) আন্তর্জাতিক গণমাধ্যম হারেজ ও এপিনিউজ জানিয়েছে, সিরিয়া থেকে ইসরাইলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রকেটগুলোর দুটি গোলান মালভূমি অতিক্রম করতে পারেনি। সেখানে খোলা জায়গায় পতিত হয়েছে। অন্যটিও সিরিয়া সীমান্ত অতিক্রম করতে পারেনি। তার আগেই ভূমিতে পতিত হয়েছে।
বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, লেবানন সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।
ইসরাইলের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।
গত কয়েক দিনের হামলায় দিশেহারা ইসরাইল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেয়।
গত সোমবার (১০ মে) থেকে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
এমবি





