রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভবনটি পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তবে রোববার হওয়ায় তাদের অধিকাংশই বাইরে ছিলেন না বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি মানুষের সাহায্যের জন্য চিৎকার শুনেছেন।

ঘটনার পরপরই বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধান করছেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে আছেন। তাকে উদ্ধারে কয়েকজন মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

উদ্ধার অভিযানে দমকল বাহিনীর অন্তত ১২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দমকলকর্মীদের সঙ্গে দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর বসবাস। ভবন ধসের খবর পেয়ে কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারীদের সহযোগিতা করছেন।

সূত্র: এনডিটিভি

এস