অন্যান্য দেশের নেতাদের মাধ্যমে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিকে বার্তা পাঠিয়েছে সৌদি আরব। সোমবার ইরান সরকারের এক মুখপাত্র এমন দাবিই করেছেন।

এমন এক সময় এই দাবি করা হয়েছে, যখন সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

তেহরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএলএনএ-কে মুখপাত্র আলী রাবেই বলেন, কয়েকটি দেশের নেতাদের মাধ্যমে হাসান রুহানিকে সৌদি আরবের বার্তা পাঠানো হয়েছে। সৌদি আরব যদি নিজেদের আচরণ বদলের দিকে এগিয়ে যায়, তবে ইরান সেটাকে স্বাগত জানায়।

কিন্তু সেই বার্তায় কী বলা হয়েছে, গণমাধ্যমকে তা পরিষ্কার করেননি রাবেই।

রোববারে একটি সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেন, তেলের দাম অকল্পনীয় মাত্রায় বেড়ে যেতে পারে, যদি ইরানকে প্রতিরোধে বিশ্ব ঐক্যবদ্ধ না হয়।

কিন্তু সামরিক বিকল্পের চেয়ে রাজনৈতিকভাবে সংকটের সমাধান তার পছন্দের বলে তিনি মন্তব্য করেন।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আরামকোর দুটি তেল স্থাপনায় ইরানকে দায়ী করছে সৌদি আরব ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র। যদিও প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

এমআর