ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি অতীত ভুলগুলো শুধরে নিষ্ফল পথ-পরিক্রমা পরিহার করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার রাজধানী তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, সৌদি আরব তার অভ্যন্তরীণ সমস্যাসহ বিভিন্ন ব্যর্থতা ঢাকতেই আয়াতুল্লাহ শেইখ নিমরকে ফাঁসি দিয়েছে।
তিনি আরও বলেন, ইসলামি ইরান সব আঞ্চলিক দেশের সঙ্গে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক চায়। কিন্তু সৌদি আরব সব সময় শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ উসকে দেয়ার চেষ্টা করেছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ইরানভীতি ছড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে।


তিনি বলেন, ইরান গোটা মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে। কিন্তু সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং অন্যান্য দেশকে সম্পর্ক ছিন্ন করার জন্য উসকে দিয়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করতে চাইছে।


তবে ইরানে সৌদি দূতাবাসে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা করেছেন ড. রুহানি। তিনি বলেন, সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলার যে ঘটনা ঘটেছে, তা বেআইনি এবং ভুল পদক্ষেপ। গত ২ জানুয়ারি শনিবার সৌদি আরব দেশটির প্রখ্যাত আলেম শেইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ইরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলার ঘটনা ঘটেছে।

এমএম