পশ্চিম আফ্রিকার গ্যাবনে সরকার বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একজন ছাত্র নিহত ও শতাধিক আহত হয়েছেন। এছাড়াও বিক্ষোভকারীদের মধ্যে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দেশটির রাজধানী লিবরেভিলে সরকারবিরোধী আন্দোলনে সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, সহস্রাধিক ছাত্র-জনতা আন্দোলনের সময় তাদের হটাতে পুলিশ ব্যাপক টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় ধারালো কিছুর আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান তিরিশ বছর বয়সি ওই ছাত্র।

বিক্ষোভকারীদের দাবি, দেশজুড়ে ব্যাপক লুটপাটের ঘটনায় বিরক্ত হয়ে তারা শান্তিপূর্ণ এ আন্দোলনে নেমেছে।

এর আগে দেশটির প্রেসিডেন্ট আলী বনগো অনডিমবার সঙ্গে দেখা করে তার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

বিরোধী দলের অভিযোগ, সংঘর্ষে তাদের তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে। যদিও তাদের দাবির পক্ষে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই আন্দোলনের ডাক দিয়েছে দেশটির বিরোধী দলের নেতা জিয়ান পিং। যিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে দেশটিতে ক্ষমতায় ছিলেন ওমার। ২০০৯ সালে তার মৃত্যুর পর তারই ছেলে অনডিমবা ক্ষমতায় আসেন।

এআর/কেএইচ