নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ভারতে দুই এমপিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ক্ষমতাসীন বিজেপির বিহারের এমপি তুন্নাজি পান্ডে ও জামিয়া নগরের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির এমপি আমানাতুল্লাহ খান।
বিজেপি নেতা তুন্নাজি পান্ডে বিহার বিধান পরিষদের সদস্য। শনিবার রাতে তিনি দুর্গাপুর থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠেন, যাচ্ছিলেন হাজিপুর। তার সহযাত্রী ছিলেন অভিযোগকারী নারী। ওই নারীর অভিযোগ, সরাই রেলস্টশনে ঢোকার আগে তুন্নাজি তার সঙ্গে অভব্য আচরণ করেন।
এমনকি অশ্রাব্য ভাষায় কথা বলেন। তার অভিযোগের ভিত্তিতেই রোববার সকালে বিজেপি নেতাকে আটক করে পুলিশ। সিবান থেকে নির্বাচিত বিহারের এই এমপিকে এ দিন আদালতে তোলা হবে।
যদিও তুন্নাজি ওই নারীর অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, মোবাইল ফোনটি চার্জ করতে আমি শুধু তার কাছে চার্জার আছে কিনা জানতে চেয়েছিলাম। সেখানে নারী না পুরুষ শুয়ে আছে, তা আমি জানতাম না।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দল থেকে তুন্নাজিকে বরখাস্ত করা হয়েছে। সকালে টুইট করে রাজ্যের বিজেপি নেতা সুশীল কুমার মোদি বরখাস্তের কথা জানিয়েছেন।
এদিকে এক নারীকে হুমকি দেয়ায় আম আদমি পার্টির এমপি আমানাতুল্লাহ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এমপির এলাকা জামিয়া নগরের ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, তিনি এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে এমপির কাছে গেলে তাকে হুমকি দেয়া হয়।
এর আগে ওই নারীর অভিযোগের ভিত্তিতে গত ১১ জুলাই পুলিশ আমানাতুল্লাহর বিরুদ্ধে একটি মামলা রুজু করে। তবে আমানাতুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন তার দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
রোববার এক টুইট বার্তায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি তার আরেকজন এমপিকে আটক করিয়েছেন। কেজরিওয়াল দলের পক্ষ থেকে একটি স্টিং অপরারেশনের ভিডিও প্রকাশ করে বলেন, পুলিশ এবং বিজেপির পরিচালনায় ওই নারী অভিনয় করেছেন।
জেড





