তেহরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত পরমাণু ইস্যুতে কোনো চূড়ান্ত চুক্তি হবে না বলে ঘোষণা করেছে ইরান।

সোমবার তেহরানে রোমানিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কারমেন বুরলাকোর সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

জারিফ বলেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে এ সংস্থার স্থায়ী পাঁচ সদস্যকে তাদের প্রতিশ্রুতি পূরণ করা উচিত। তারা এ কথা নিশ্চয় জানে যে, জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে না নিলে পরমাণু ইস্যুতে ইরান কোনো চুক্তি বাস্তবায়ন করবে না।"

এদিকে, ইরানের অন্যতম শীর্ষ পরমাণু আলোচক মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, "ইরান যেকোনও কিছুর বিনিময়ে পরমাণু চুক্তি করবে না। ইরানের দাবি ও অধিকার উপেক্ষিত হলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরান চুক্তি করবে না।"

গত বছরের নভেম্বরে ছয় মাসের জন্য সই হওয়া অন্তর্বর্তী চুক্তির মেয়াদ গত মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি না হওয়ায় তা আরও চার মাসের জন্য বাড়ানো হয়েছে যা নভেম্বরে শেষ হবে। এ নিয়ে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা চলছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ