ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭। পাশাপাশি আরও ৬ জনের অবস্থা গুরুতর বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩৯ জন মহিলা রয়েছে। বাসটিতে মোট যাত্রী সংখ্যা ছিল ৮৭ জন।
গতকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজ্যের জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় বাসটি সড়ক থেকে প্রায় ৩০ ফুট নিচে খাদে ছিটকে পড়ে।
তেলেঙ্গানা রাজ্যের রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (TSRTC) জানায়, বাসটিতে প্রায় ৮৭ জন তীর্থযাত্রী ছিল। শ্রী অঞ্জনেয়া স্বামী নামের একটি মন্দির থেকে ফেরার পথে জাগতিয়াল জেলার কোন্ডাগাটুতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। উপত্যকা থেকে মৃতদেহ উদ্ধারে কাজ করেছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনায় আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেয়ার ঘোষণা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পাশাপাশি রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ (TSRTC) থেকে দুই লাখ করে ঘোষণা দেওয়া হয়।
এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেড





